ঈদ উপলক্ষে ১৪ অগাস্ট থেকে ঈদের পর দিন পর্যন্ত ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ লঞ্চ চালাবে লঞ্চ মালিক সমিতি। যাত্রীরা আগাম টিকেট পাবেন বুধবার থেকে।
তবে এবারও ঈদে লঞ্চ টিকেটের দাম বছরের অন্য সময়ের তুলনায় বেশি রাখা হবে বলে মালিক সমিতির সঙ্গে কথা বলে জানা গেছে।
লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সুন্দরবন লঞ্চের মালিক
সাইদুর রহমান রিন্টু জানান, শনিবার লঞ্চ মালিক সমিতির সভায় ‘বিশেষ সার্ভিস’ চালানোসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
“১৪ অগাস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা সদরঘাট থেকে নিয়মিত ৪টি লঞ্চের সঙ্গে বিশেষ ৪টিসহ মোট ৮টি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া যাত্রীর চাপ বেশি হলে চালানোর জন্য দুই থেকে তিনটি লঞ্চ প্রস্তুত রাখা হবে।”

একইভাবে ঈদের পর সাতদিন বরিশাল আধুনিক নৌ-বন্দর থেকে লঞ্চের ‘বিশেষ সেবা’ চলবে। আর ৮ অগাস্ট থেকে আগাম টিকেট দেওয়া শুরু হবে বলে সাইদুর রহমান জানান।
ঈদের ‘বিশেষ সার্ভিস’ চলাকালে বরিশাল-ঢাকা নৌপথে দুই শয্যার কেবিন ১ হাজার ৯৬০ টাকা, এক শয্যার কেবিন ৯৫০ টাকা এবং ডেকে জনপ্রতি ২৪০ টাকা হারে ভাড়া আদায়ের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
বিস্তারিত →



