সূত্র: আফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে ন্যাটো বাহিনীর রসদ সরবরাহকারী ২২টি ট্রাক ধ্বংস হয়ে গেছে। বুধবার দুপুরে দেশটির সামানগান প্রদেশের রাবাতাক এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা।
সামানগান প্রদেশের ডেপুটি গভর্নর গোলাম সাকি বাগলানি জানান, বুধবার দুপুরে স্থানীয় সময় ২টার দিকে রাবাতাক এলাকায় পার্ক করা অবস্থায় বোমার বিস্ফোরণ হলে অনেক ফুয়েল ফর্তি ট্যাঙ্কার ও সেমি-ট্রেইলারে আগুন ধরে যায়। ট্রাকগুলো উজবেকিস্তানের উত্তরাঞ্চল থেকে ন্যাটো বাহিনীর জন্য ফুয়েল নিয়ে আফগানিস্তানের দক্ষিণে যাওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, বোমাটি চুম্বক দিয়ে কোনো ট্রাকের সঙ্গে আটকে দেয়া হয়েছিলো। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে কাবুলের দক্ষিণে ওয়ারদাক প্রদেশের সাঈদ আবাদ জেলায় জঙ্গিরা ৩টি ন্যাটো রসদ সরবরাহকারী ট্রাক ধ্বংস করে দেয়।








