সুত্র: কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে যানজট সৃষ্টি হয়েছে।
ঘন কুয়াশার কারণে পথ দেখতে না পাওয়ায় রোববার প্রথম প্রহরে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৮টা থেকে ফেরিগুলো পুনরায় চলছে বলে বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা জানিয়েছেন।
রাত ১টার দিকে প্রায় দেড় হাজার যাত্রী নিয়ে পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। সকাল ৮টার পর সেগুলো গন্তব্যে পৌঁছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাবি¬উটিসি) মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার কারণে বয়া বাতি, সিগন্যাল কিছুই দেখা যাচ্ছিল না। এতে মাঝ নদীতে পাঁচটি ফেরি আটকা পড়লে রাত ১টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক বলে জানান তিনি।
রো রো ফেরি শাহ মখদুম, কপোতী, রামশ্রী, টাপলু ও ফরিদপুর ওই সময় পদ্মা নদীর মাঝখানে নোঙর করে ছিল।
ফেরি চলাচল বন্ধের সময়ে লঞ্চ চলাচলও বন্ধ ছিল।
দক্ষিণাঞ্চলের এই ব্যস্ততম রুটে দীর্ঘ সময় গাড়ি পারাপার বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। তবে যানজট ধীরে ধীরে কমে আসছে বলে সিরাজুল হক জানান।
কুয়াশার কারণে গত কয়েকদিন ধরেই রাতে এই নৌরুটে পারাপার ব্যাহত হচ্ছে।