Archive for: অগাষ্ট 12th, 2012

রমনির রানিং মেট পল রায়ান

ব্যয় সংকোচন নীতির ঘোর সমর্থক কংগ্রেসম্যান পল রায়ানকে রানিং মেট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পল রায়ান (৪২) নিজ অঙ্গরাজ্য উইসকনসিন থেকে সপ্তমবারের মতো পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।

বর্তমানে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বাজেট কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

শনিবার সকালে ভার্জিনিয়ার নোরফোকে এক সংবাদ সম্মেলনে পল রায়ানকে রানিং মেট ঘোষণা করেন রমনি।

তিনি বলেন, “আমার রানিং মেট ঘোষণা সম্মানের বিষয় এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট পল রায়ান!”

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেসাচ্যুসেটস গভর্নর মিট রমনি।

ওবামাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে মিট রমনির সরকারে ভাইস প্রেসিডেন্ট হবেন পল রায়ান।

এদিনই নির্বাচনী প্রচার অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে চার দিনের সফর শুরু করেছেন রমনি।
বিস্তারিত →

‘নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলেই শ্রমিক নেবে মালয়েশিয়া’

সরকারি পর্যায়ে কর্মী রপ্তানিতে যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার খুলছে না। কর্মী নিয়োগের স্বচ্ছ পদ্ধতি চূড়ান্ত হলেই শুধু দেশটিতে বাংলাদেশি কর্মী রপ্তানির বাজার খুলবে।

মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ড. এস সুব্রামানিয়াম শনিবার সেদেশে এক অনুষ্ঠানে একথা বলেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ খবর দিয়েছে।

সংবাদে মানবসম্পদ মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছে। মালয়েশিয়ার শিল্প-প্রতিষ্ঠানেও কর্মীর সংকট রয়েছে। তারা বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে বলেছে।

“এজন্য আমাদের আগে সঠিক পদ্ধতি ও প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। এরপরই শ্রমবাজার খোলা হবে। অন্যথায় এ বাজার খুলবে না,” বলেন এস সুব্রামানিয়াম।
বিস্তারিত →

বিদেশি সাহায্যের ৪০ শতাংশই গেছে দেনা শোধে

- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যেও গত অর্থবছরে ২০০ কোটি ডলারের বেশি বিদেশি সাহায্য দেশে এসেছে। কিন্তু এই অর্থের ৪০ শতাংশই চলে গেছে বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে।

ফলে উন্নয়ন প্রকল্পে খরচ করার জন্য সরকারের হাতে ছিল ১২৪ কোটি ৭৮ লাখ ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরের বিভিন্ন দাতা দেশ ও সংস্থা মোট ২০৩ কোটি ৩৩ লাখ ডলারের ঋণ-সহায়তা ছাড় করেছে, যা আগের অর্থবছরের (২০১০-১১) চেয়ে ১৪ দশমিক ৪১ শতাংশ বেশি।

২০১০-১১ অর্থবছরে ১৭৭ কোটি ৭৫ লাখ ডলার ছাড় করেছিল ঋণদাতারা। তার মধ্যে ৭২ কোটি ৭৫ লাখ ডলার পুরনো ঋণের সুদ মেটাতে খরচ হয়েছিল । ফলে উন্নয়ন কর্মাকাণ্ডে ব্যবহারের জন্য ওই বছর সরকারের হাতে ছিল ১০৪ কোটি ৯৬ লাখ ডলার।

গত অর্থবছর দেশে আসা ২০৩ কোটি ৩৩ লাখ ডলারের মধ্যে ৬ কোটি ৯২ লাখ ডলার এসেছে খাদ্য সহায়তা হিসাবে। আর ১৯৬ কোটি ৪০ লাখ ডলার এসেছে প্রকল্প সাহায্য।

সরকার এই অর্থের মধ্যে থেকে ৭৮ কোটি ৫৫ লাখ ডলার ব্যয় করেছে বিভিন্ন সময়ে নেওয়া ঋণ ও সুদ পরিশোধে।
বিস্তারিত →

ইরানে ভূমিকম্পে নিহত ২২০

ইরানে দুই দফা ভূমিকম্পে অন্তত ২২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত দেড় হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানের স্থানীয় সময় শনিবার বিকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প হয়।

ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী হাসান ঘাদামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স বলছে, ভূমিকম্পে ২২০ জন নিহত হয়েছেন।আর পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা কেন্দ্রের প্রধান খালিদ সাই জানিয়েছেন, ভূমিকম্পে দেড় হাজার মানুষ আহত হয়েছেন।

ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পে ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূতে পরিণত হয়েছে। প্রায় ৬০টি গ্রামে অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি বলে ফার্সের খবরে জানানো হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে ভারজাগান ও আহার শহরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর বলছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৫৩ মিনিটে প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল তাবরিজ শহরের ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ভূ-পৃষ্ঠের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

এর ১১ মিনিটের মাথায় তাবরিজের ৪৯ কিলোমিটার উত্তরপূর্বে একই গভীরতায় দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি। এরপর ১৮টি পরাঘাত অনুভূত হয়েছে ওই এলাকায়।

ভার্জান শহরের কাছে দ্বিতীয় ভূমিকম্প হয় জানিয়ে সংবাদ সংস্থা ফার্স বলেছে, “এ ভূমিকম্প এতো শক্তিশালী ছিল যে, আতঙ্কে সবাই রাস্তায় বের হয়ে আসে।”

আহার শহরের বাসিন্দা আব্বাস ফাল্লাহর উদ্ধৃতি দিয়ে ইরানের আধা সরকারি মেহর বার্তা সংস্থা জানায়, ভূমিকম্পে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
বিস্তারিত →