‘তিস্তা চুক্তি অনিশ্চিত’

সুত্র: দুই দেশের সরকারের প্রবল আগ্রহ সত্ত্বেও কংগ্রেসের জোট শরিক, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আপত্তিতে তিস্তা চুক্তি আপাতত হচ্ছে না বলে বিবিসি বাংলা জানিয়েছে।

ভারত সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রকে উদ্ধৃত করে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি আপাতত যে হচ্ছে না, তা নয়া দিল্লি সফররত দীপু মনিকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিস্তা চুক্তি না হওয়ার কারণ হিসেবে ভারতের জোট রাজনীতিকেই দায়ী করেছে বিবিসির ওই সূত্র।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের প্রথম বৈঠকে যোগ দিতে নয়া দিল্লি যান।

কমিশনের বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গত সোমবার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে মতৈক্যে পৌঁছতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়া দিল্লি।

“পানি একটি স্পর্শকাতর ইস্যু হওয়ায় ভারতের গণতান্ত্রিক রাজনীতির রেওয়াজ অনুযায়ী মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য অভ্যন্তরীণ সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।”

অন্যদিকে দীপু মনি তিস্তার অগ্রগতি না হওয়ায় ভারতের সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বহু প্রতীক্ষিত এই চুক্তি না হলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ‘প্রবলভাবে ধাক্কা খাবে’।

তিস্তার পানি বণ্টনে অন্তর্র্বতী চুক্তি গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়।

দৃশ্যত এর পরিপ্রেক্ষিতেই দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের বিষয়টিও স্থগিত করে বাংলাদেশ।

তিস্তা চুক্তি না হলে বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহনের সুবিধা বা ট্রানজিটও ভারত পাবে না বলে বিবিসির প্রতিবেদনে একই সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে।

তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়। মনমোহনও হতাশা প্রকাশ করে বলেন, চুক্তি না হওয়াটা দুঃখজনক।

তবে এরপর দুই পক্ষ থেকে শিগগিরই তিস্তা চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছিল।

তবে তিস্তা চুক্তি নিয়ে আগের অবস্থানই ধরে রেখেছেন মমতা। তার সংশয় এই চুক্তি হলে পশ্চিমবঙ্গ পানির ভাগ কমে পাবে।

কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই এক বছর আগে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটান মমতা।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply