সবার ওপরে ফেলপস

সূত্র: তিনি একজন সাঁতারু, জলের জাদুকর। মঙ্গলবার রাতে লন্ডনের অ্যাকোয়াটিক সেন্টারে যে কীর্তি তিনি গড়লেন, তাতে আধুনিক অলিম্পিকের ১১৬ বছরের ইতিহাসে মাইকেল ফেলপস নামটি উঠে গেল সবার ওপরে।

লন্ডন অলিম্পিকে ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে দলগত স্বর্ণ জয়ের পর মোট ১৯টি পদক নিয়ে মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসই এখন ‘সর্বকালের সেরা’ অলিম্পিয়ান।

সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ডটি প্রায় অর্ধশতক ধরে নিজের করে রেখেছিলেন সাবেক সোভিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনা। ১৯৬৪ সালে লাতিনিনা নিজের অষ্টাদশ পদক জয়ের পর আর কেউই তাকে ছুঁতে পারেননি।

২৭ বছর বয়সী ফেলপসের জন্য লন্ডন অলিম্পিকের শুরুটা হয়েছিল হতাশার মধ্য দিয়ে। নিজের প্রথম ইভেন্ট ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে তিনি শেষ করেন চতুর্থ অবস্থানে থেকে। এরপর মঙ্গলবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে রূপা জিতে পৌঁছে যান লারিসার পাশে।

একই দিনে ৪ x ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে দলগত স্বর্ণ জিতে নিজের করে নেন অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ডটি।

এবারের অলিম্পিকে এটি ফেলপসের প্রথম এবং তার ঝুলির পঞ্চদশ অলিম্পিক সোনা। এদিক দিয়ে অনেক আগেই সবার ওপরে পৌঁছে গিয়েছিলেন এই সাঁতারু।

আঁটঘাট বেধেই পুলে নেমেছিল ফেলপসের দল। ৪ x ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সবার শেষে সাঁতরানো লোক্টির ব্যর্থতায় সোনা হারায় যুক্তরাষ্ট্র। তাই ২০০ মিটারে শেষ করার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ফেলপস। ব্যক্তিগত ইভেন্টে শেষ দিকে গিয়ে পিছিয়ে পড়লেও এবার আর ভুল করেননি তিনি।

রায়ান লোক্টি, ডইয়ার কনর, বার্নেস রিকি ও ফেলপসের গড়া যুক্তরাষ্ট্রের শক্তিশালী দলটি সময় নেয় ৬ মিনিট ৫৯.৭০ সেকেন্ড। পেছনে ফেলে ফ্রান্স (৭ মিনিট ২.৭৭ সেকেন্ড) ও চীনের (৭ মিনিট ৬.৩০ সেকেন্ড) সাঁতারুদের।
এই ইভেন্টের ঘণ্টা খানেক আগে প্রিয় ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ে প্রায় শেষ পর্যন্ত এগিয়ে থেকেও সোনা জিততে পারেননি সর্বকালের সেরা এই সাঁতারু। ফেলপসের .০৫ সেকেন্ড আগে হাত ছুইয়ে সোনা জিতে নেন চ্যাড লি ক্লস।

প্রথম পুরুষ সাঁতারু হিসেবে টানা তিন অলিম্পিকে একই ইভেন্টে সোনা জয়ের সুযোগ আবার হাত ছাড়া হলো ফেলপসের। তবে এখনও ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে টানা তিনটি সোনা জয়ের সুযোগ আছে তার।

লন্ডন অলিম্পিকে আরো তিনটি ইভেন্ট বাকি রয়েছে ফেলপসের। তাতে তিনি নিজেকে কোথায় নিয়ে যান, তাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রীড়াবিশ্ব।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply