লন্ডনে ‘রোহিঙ্গা বিক্ষোভের’ মুখে শেখ হাসিনা

লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের ঠিক আগ মুহূর্তে রোহিঙ্গাদের পক্ষে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকালে প্রায় দুইশ লোক সেন্ট্রাল লন্ডনে হোটেল সেন্ট প্যানক্রাস রেনেসাঁর সামনে জড়ো হয়। মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গাদের ঢুকতে না দেওয়ায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।

পুষ্টি বিষয়ক আন্তর্জাতিক এক সম্মেলনে যোগ দিতে লন্ডন যাওয়া প্রধানমন্ত্রী ওই হোটেলেই অবস্থান করছেন। ১০ ডাউনিং স্ট্রিট বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে ওই সম্মেলন শুরুর ঘণ্টা খানেক আগেই ওই বিক্ষোভ হয়।

গত জুন মাসে মিয়ানমারে জাতিগত দাঙ্গা শুরু হলে রাখাইন প্রদেশ থেকে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গারা দেশ ছেড়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়।

তবে গত দুই যুগ ধরে ৫ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করা বাংলাদেশ এবার রোহিঙ্গাদের ঢুকতে দেয়নি।

জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই তাদের শরণার্থী হিসেবে না নিয়ে খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে ফেরত পাঠানো হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে পুষ্টি বিষয়ক ওই আন্তর্জাতিক সম্মেলনে কেনিয়া, ভারত ও ব্রাজিলের রাজনীতিকরা অংশ নেন।

কিংবদন্তির ফুটবলার পেলে, চলতি অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সোমালিয়া বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহসহ কয়েকজন ক্রীড়াবিদ এই সম্মেলনে ছিলেন।

সম্মেলনে অংশ নেওয়ার পর হোটেলে যুক্তরাজ্যের উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান্ডু মিচেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply