সূত্র: মিশরের রাজধানী কায়রোয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ করেছে ২ শ’রও বেশি মানুষ।ক্ষমতা গ্রহণের দু’মাসেরও কম সময়ের মধ্যে এ বিক্ষোভে চ্যালেঞ্জের মুখে পড়লেন ইসলামিক প্রেসিডেন্ট মুরসি এবং সেইসঙ্গে তার দলও।
তবে সচরাচর ব্রাদারহুডের সমালোচনা করে থাকে এমন কয়েকটি উদারনৈতিক দল এ বিক্ষোভে সমর্থন দেয়নি। এর মধ্যে রয়েছে একটি যুবদল। যে দলটি ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারক বিরোধী আন্দোলনে রাজপথ কাঁপিয়েছিল।
শুক্রবারের বিক্ষোভে জনতা মুরসির ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। দেড়বছর মিশরের ক্ষমতায় থাকা সামরিক পরিষদ ক্ষমতা আঁকড়ে রাখার যে চেষ্টা নিয়েছিল মুরসি ক্ষমতায় এসে তাই আবার নিজ নিয়ন্ত্রণে আনছেন।
একচেটিয়াভাবে মুরসির ক্ষমতা দখলের এ চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাহরির স্কয়ারে সমবেতদের উদ্দেশ্যে এক বিক্ষোভকারীর উক্তি, ‘মিশরবাসী জাগো। ব্রাদারহুডের জন্য মাথা খুটে মরো না।”
“মিশর সব মিশরীয়র জন্য। কেবল একটি দলের জন্য নয়,” বলেন তিনি।
বিক্ষোভের আয়োজকরা বলেছেন, তারা মুরসির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে বিক্ষোভ করার পরিকল্পনা করেছেন।
গত ৩০ জুনে মিশরের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন মুরসি। ইসলামিক দল মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট তিনি।
ক্ষমতায় আসতে না আসতেই শুরু হওয়া এ বিক্ষোভকে মুরসির জন্য ‘জনপ্রিয়তার প্রথম পরীক্ষা’ বলেই অভিহিত করেছে মিশরের স্বতন্ত্র পত্রিকা আল মাসরি আল ইয়োম।








