সূত্র: পাকিস্তানে কর্মরত মার্কিন কূটনীতিকদের দেশটিতে ভ্রমণ আরো সীমিত করার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র গতকাল রবিবার এ কথা জানিয়েছে।
এদিকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পাকিস্তান ত্যাগ করেছেন দেশটিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের পাকিস্তানের ঘাঁটি তাঁর নেতৃত্বেই খুঁজে বের করা হয়েছিল।
কূটনৈতিক সূত্র জানায়, গত শনিবার রাজধানী ইসলামাবাদের বাইরে মার্কিন কূটনীতিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরো বাড়িয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। এ বিষয়ে একটি চিঠি এরই মধ্যে মার্কিন দূতাবাসে পাঠানো হয়েছে।
তবে এ নিয়ে পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্র কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।
মার্কিন দূতাবাসের মুখপাত্র আলবার্টো রডরিগেজ বলেন, ‘এ সমস্যা সমাধানের জন্য আমরা পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘কূটনীতিকদের ভ্রমণের ওপর নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তাঁদের নিরাপত্তার কথা ভেবেই ভ্রমণের ব্যাপারে কিছু সাধারণ নির্দেশাবলি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁদের বেলায় এটি করা হচ্ছে।’
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র পাকিস্তান। গত মে মাসে পাকিস্তান সরকারকে না জানিয়ে যুক্তরাষ্ট্র সেখানে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। এরপর থেকে দুই দেশের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামাবাদে সিআইএ কার্যালয়ের প্রধান কর্মকর্তা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পাকিস্তান ত্যাগ করেছেন। তবে তাঁর ইসলামাবাদ ত্যাগ প্রসঙ্গে সিআইএ কোনো মন্তব্য করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সাম্প্রতিক সময়ে গোয়েন্দাদের জয়ে তাঁর অবদানের কথা সবাই স্বীকার করবে। এ বিষয়ে পাকিস্তান কী ভাবে, তা নিয়ে আমরা ভাবি না।’
মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ওই গোয়েন্দা প্রধান হয়তো আর পাকিস্তানে ফিরে আসবেন না। গত সাত মাসের মধ্যে এ পদ থেকে কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার এটা দ্বিতীয় ঘটনা। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এতে তাদের কাজের কোনো ক্ষতি হবে না। সূত্র : এএফপি।









