সূত্রঃ প্রবল বর্ষণের কারণে ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা শুরু হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকালই (বুধবার) ট্যাক্সিওয়ে থেকে পানি সরে গিয়েছিল। আজ ভোর ৫টা থেকে আমাদের অপারেশনস শুরু হয়। ৬টায় প্রথম ফ্লাইটটি নামে।”
এরপর এ বিমানবন্দর থেকে আরো কয়েকটি ফ্লাইট ওঠানামা করেছে বলে ব্যবস্থাপক জানান।
মঙ্গলবার দিনভর বর্ষণে রানওয়েতে পানি জমে যাওয়ায় বিকাল সাড়ে ৪টা থেকে সব ধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
স্কোয়াড্রন লিডার রবিউল জানান, বিমানবন্দর এলাকায় সিটি কর্পোরেশনের পয়রিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় রানওয়ে থেকে পানি সরতে দেরি হয়েছে।
প্রবল বর্ষণে পানির চাপে সীতাকুণ্ডে একটি রেল সেতু ভেঙে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেতু মেরামত করতে ১৫ দিনের মতো সময় লাগবে। এই সময়ে চট্টগ্রামের ট্রেন সীতাকুণ্ড পর্যন্ত চলবে।








