সূত্র: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তত্পরতায় ধীরগতির জন্য তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে কমপক্ষে ১৮২ জনের প্রাণহানি ঘটেছে।
পাকিস্তানের আবহাওয়া অধিদফতর শুক্রবার এই তথ্য জানায়। এতে প্রদেশ দুটির কমপক্ষে ৫০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় নয়শ’ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে প্রায় ১ লাখ ঘরবাড়ি। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের আঞ্চলিক অধিদফতর এই তথ্য জানায়।
একশ’ বছরের মধ্যে এ ধরনের দুর্যোগ এই প্রদেশগুলোতে দেখা যায়নি। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিন্ধু প্রদেশ। গতকাল আল-জাজিরার রিপোর্টার কামাল হায়দার এই তথ্য জানান। জরুরি ভিত্তিতে ওই এলাকার অধিবাসীদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি এবং আশ্রয় প্রয়োজন।
সিন্ধু প্রদেশের এক কৃষক দারহো খাকি জানান, বন্যায় তারা তাদের ঘর, জিনিসপত্র ও গবাদিপশু সব হারিয়ে এখন নিঃস্ব, কিন্তু কেউ তাদের সাহায্য করার জন্য এখানে আসছে না। এমনকি সরকারও তাদের নিয়ে উদ্বিগ্ন নয়। এ জন্য তারা সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে।
সিন্ধু প্রদেশ একটি প্রত্যন্ত অঞ্চল, খারাপ আবহাওয়ার কারণে সেখানে ত্রাণ তত্পরতা চালানো দুরূহ। বিমানযোগে উদ্ধার তত্পরতাও অসম্ভব হয়ে পড়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বন্যা পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন।
অবিরত বৃষ্টিপাতের ফলে বন্যার পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রদেশগুলোতে এবং আরও অনেক এলাকা প্লাবিত হচ্ছে। আল-জাজিরাকে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক জাফর কাদির এই তথ্য জানান। কিন্তু অধিকাংশ লোককেই আমরা উদ্ধার করেছি।
দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক আছেন, যারা তাদের বাড়িতে থাকতে চান। কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরও সেখান থেকে উদ্ধার করে নিয়ে আনতে। যতদূর সম্ভব আমরা লোকদের জীবিত উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে পাকিস্তান দারিদ্র্য দূরীকরণ ফান্ড (পিপিএএফ) সিন্ধু প্রদেশে বন্যাদুর্গতদের মধ্যে তাদের সাহায্য চালিয়ে যাচ্ছে। বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মানবিক অবস্থা উন্নয়নে প্রায় ২.৯ মিলিয়ন কানাডিয়ান ডলার দিয়েছে পিপিএএফ।
১৪টি ইউনিয়ন পরিষদের ৪ লাখ ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে এরই মধ্যে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাকিস্তানের দারিদ্র্য দূরীকরণ ফান্ড (পিপিএএফ)।








