লন্ডন অলিম্পিকের শুরুটা বিবর্ণ হলেও শেষটাকে স্মরণীয় করে রেখেছেন সর্বকালের অন্যতম সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। প্রথম তিন ইভেন্টের দুটিতে রুপা জিতলেও শেষ চারটিতে টানা সোনা জিতেছেন অনেকর মতে সর্বকালের সেরা এই সাঁতারু।
শনিবার ৪ী১০০ মিটার মিডলে র্যালিতে এবারের আসরে শেষবারের মতো পুলে নামেন ফেলপস। ম্যাথু গ্রেভারস ও ব্রেন্ডন হানসনের পরে তিন নম্বরে পুলে নেমে ঝড় তুলেন তিনি। সে সময় দুই নম্বরে থাকা যুক্তরাষ্ট্রকে সোনা জয়ের ভিত গড়ে দেয়ার কৃতিত্ব ফেলপসেরই। বাকি কাজটুকু সহজেই সারেন শেষ সাঁতারু নাথান আড্রিয়ান।

তিনটি অলিম্পিকে অংশ নেয়া ফেলপস ১৮টি সোনাসহ জিতেছেন ২২টি পদক। দ্বিতীয় স্থানে থাকা সাবেক সোভিয়েত ইউনিয়ন জিমন্যাস্ট লাসিরা লাতিনিনার মোট পদক ১৮টি। এছাড়া লাতিনিনা, কার্ল লুইস, পাভো নুর্মিদের ঝুলিতে রয়েছে ৯টি করে সোনা।
৩ মিনিট ২৯.৩৫ সেকেন্ড সময় নিয়ে জাপান ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্র।
মহিলাদের ৪ী১০০ মিটার মিডলে র্যালিতে বিশ্ব রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিয়েছেন মিসি ফ্রাঙ্কলিন, রেবেকা সনি, ডানা ভলমার ও অ্যালিসন স্মিট। ৩ মিনিট ৫২.০৫ সেকেন্ড সময় নিয়ে তারা পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়া ও জাপানকে।
এবারের আসরে এটি ফ্রাঙ্কলিনের চতুর্থ, স্মিট ও ভলমারের তৃতীয় ও রেবেকার দ্বিতীয় সোনা।
পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে চীনকে সোনা এনে দিয়েছেন ইয়াং সান। ১৪ মিনিট ৩৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে কানাডার রায়ান কচরানে রুপা ও ১৪ মিনিট ৪০.৩১ সেকেন্ড সময় নিয়ে তিউনিশিয়ার ওসামা মেলৌলি ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল জিতে দ্রুততম মিহলা সাঁতারু নেদারল্যান্ডসের রানোমি ক্রোমোডজোজো। ২৪.০৫ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন বেলারুশের আলিয়াকসান্দ্রা হেরাসমোনিয়া (২৪.২৮ সেকেন্ড) ও স্বদেশী মার্লিন ভেলডুইসকে (২৪.৩৯)। চলতি আসরে এটি রানোমির দ্বিতীয় সোনা।








