সূত্র: রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন সেদেশের স্কুলে মুসলিম ছাত্রীদের মাথায় ওড়না পরার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। রাশিয়ার স্ট্রাভরোপোল অঞ্চলে একটি স্কুলে মুসলিম পরিবারের ছাত্রীদের মাথায় ওড়না পরার ওপর স্কুলটির অধ্যক্ষের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে পুতিন হিজাবের বিরুদ্ধে কথা বললেন।
ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের বাবা-মায়েরা প্রতিবাদ জানিয়েছেন। স্কুলটির মহিলা অধ্যক্ষ বলেছেন, তাকে হুমকি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন তার সমর্থকদের এক সমাবেশে বলেন, রাশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এই দেশের সব নাগরিকের জন্য অবশ্যই একই ধরনের ব্যবস্থা রাখা উচিত।
তবে তিনি এ ব্যাপারে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বলেছেন, কর্তৃপক্ষকে অবশ্যই সব ধর্মের অনুসারীদের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
চলতি মাসে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আজারবাইজানের হাইস্কুলে মুসলিম ছাত্রীদের ওড়না পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষ হয়েছে।
ইউরোপে ফ্রান্স ও বেলজিয়ামে সরকারি প্রতিষ্ঠানসহ প্রকাশ্য স্থানে মুসলিম মহিলাদের হিজাব ও ঘোমটা বা নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্পেনের কয়েকটি শহরসহ ইউরোপের অন্য কয়েকটি শহরেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি রয়েছে।








