ঝড় কাটিয়ে স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্র

সূত্র: ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে দুই দিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল স্থবির থাকার পর বুধবার ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজ-কর্ম আবার চালু হতে শুরু করেছে।

নিউ ইয়র্কে চালু হয়েছে বিমানবন্দরগুলো। সরকারি অফিস-আদালত, বিদ্যালয় ও নিউইয়র্ক স্টক এক্সচঞ্জও খোলার অপেক্ষায়।

তবে অনেক বাড়ি-ঘর এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং নিউইয়র্কের সাবওয়েগুলোও এখনো বন্ধ। কয়েকদিন পর্যন্ত এ অবস্থা চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইতোমধ্যে কিছু কিছু বাস সার্ভিস চালু হয়েছে।
কিন্তু এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ব্যবস্থা। কয়েকটি রাজ্যজুড়ে এখনো অন্ধকারে রয়েছে ৮২ লাখ মানুষ।
নিউ জার্সিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে ১০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
ঝড়ের কারণে প্রচারাভিযান বাতিল করে প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।

স্যান্ডির কবলে পড়ে ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে কেবল নিউ ইয়র্কেই মারা গেছে ২২ জন।
ঝড়ের পর পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ৩০ থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, “আমরা এই প্রজন্মে এমন ক্ষয়-ক্ষতি দেখিনি।”

এ পরিস্থিতির মধ্যেও কাজকর্ম আবার সচল হওয়ার মধ্য দিয়ে স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা।
সীমিত কয়েকটি বিমান চলাচলের জন্য নিউ ইয়র্ক এলাকার প্রধান তিনটি বিমানবন্দরের মধ্যে জেএফকে ও নেওয়ার্ক লিবার্টি বিমানবন্দর দুটি বুধবার চালু হয়েছে।

তবে দুর্গত এলাকায় ১৮ হাজার ফ্লাইট বাতিল হওয়ায় নির্দিষ্ট সময়ের অনেক পরে বিমানগুলো চলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের পাশাপাশি বুধবার নাসডাক এক্সচেঞ্জও তাদের কার্যক্রম শুরু করবে। এর আগে ১৮৮৮ সালে দুই দিনের জন্য নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল।

মেট্রোপলিটন ট্রানজিট অথরিটির (এমটিএ) প্রধান জোসেফ লোটা জানিয়েছেন, নিউইয়র্কের বিকল্প রাস্তার ব্যবস্থাপনা ১০৮ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে।
এ সাবওয়ে কখন চালু হবে তার কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করতে পারেননি নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ।
সাবওয়ে অচল হলেও সচল হয়েছে ট্রাম ও ফেরি সার্ভিস। তবে নিউ ইয়র্কের বেশির ভাগ সেতুই এখনো বন্ধ রয়েছে।
নিউ জার্সির গভর্নর ক্রাইস ক্রিস্টির সঙ্গে প্রেসিডেন্ট ওবামা অঙ্গরাজ্যটির ক্ষয়-ক্ষতি পরিদর্শনে যাচ্ছেন। দুর্যোগ সমাল দেয়ার জন্য ওবামার যথেষ্ট প্রশংসা করেছেন রমনির একনিষ্ঠ সমর্থক রিপাবলিকান ক্রিস্টি।

অন্যদিকে, ঝড়ের পর দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যেই রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি মঙ্গলবার থেকে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ওহাইও অঙ্গরাজ্যে সমাবেশ ও অনাড়ম্বর প্রচারাভিযান শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূল তছনছ করে এখন আরো উত্তরে কানাডার দিকে সরে গেছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply