সুত্র: সাবমেরিন কেবল মেরামতের জন্য সারাদেশে বুধবার গভীর রাতে তিন ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ থাকে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়া-সিঙ্গাপুরের মাঝামাঝি এলাকায় সাবমেরিন কেবল অংশে রাউটার পরিবর্তন (চেঞ্জ) করার জন্য বুধবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে তথ্য পরিবহন বন্ধ থাকে।
গত ৬ জুন সিঙ্গাপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সাবমেরিন কেবলের ইস্ট সেগমেন্ট বিচ্ছিন্ন হয়ে যায়।
বাংলাদেশ ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-উই-ফোর) সঙ্গে একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত। বাংলাদেশে এটি পরিচালনা করছে বিএসসিসিএল।
শুধু একটি সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল হওয়ায় কেবল কাটা পড়লে বা মেরাতের প্রয়োজন হলেই বহির্বি শ্বের সঙ্গে বাংলাদেশের ইন্টারনেট যোগাযোগ বন্ধ রাখতে হয়। তবে একই জোটের দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়শিয়ার বিকল্প ব্যবস্থা থাকায় তাদের তেমন কোনো সমস্যা হয় না।
এই সাবমেরিন কেবল সংযোগ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, ভারতের চেন্নাই, শ্রীলঙ্কা হয়ে ভারতের মুম্বাই পর্যন্ত বিস্তৃত।









