ইসরায়েলের বাধায় ভেস্তে গেল ন্যাম বৈঠক

Ref:
বাংলাদেশসহ কয়েকটি দেশের কূটনীতিকদের ঢুকতে ইসরায়েলের বাধার কারণে ফিলিস্তিনে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) একটি বৈঠক ভেস্তে গেছে।

পশ্চিম তীরে রোববার এই বৈঠক হওয়ার কথা ছিল। এতে ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করে ন্যামের ‘ফিলিস্তিনি কমিটি’র নেতাদের আলোচনার কথা ছিল।

কিন্তু রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় তেল আবিব তার দেশের ভূখণ্ড দিয়ে বাংলাদেশ, কিউবা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া প্রতিনিধিদের ঢুকতে অনুমতি দেয়নি। ফলে বৈঠকটি হয়নি।

পশ্চিম তীরে ঢুকতে ইসরায়েলে নেমে জর্ডানের সীমান্তবর্তী একটি ইসরায়েলি তল্লাশিকেন্দ্র পার হতে হয়।

এই বৈঠকে মালয়শিয়া ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কিউবা ও বাংলাদেশের কূটনীতিকের অংশ নেওয়ার কথা ছিল।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, বৈঠকে অংশ নিতে মিশর ও জিম্বাবুয়ের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য প্রতিনিধিরা জর্ডান পৌঁছলেও চার দেশের প্রতিনিধিদের ঢুকতে ইসরায়েল অনুমতি না দেওয়ায় তারা আর পশ্চিম তীরে ঢোকেননি।

ইসরায়েলের এক কর্মকর্তা জানান, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় বাংলাদেশ, কিউবা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দূতদের পশ্চিম তীরে ঢোকায় আপত্তি জানিয়েছেন তারা।

তবে মিশর, ভারত, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, জাম্বিয়া ও জিম্বাবুয়ের প্রতিনিধিদের ট্রানজিট হিসেবে ইসরায়েলি ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

হেলিকপ্টারে জর্ডান থেকে পশ্চিম তীর যাওয়ার ব্যবস্থা করেছিল ন্যামের এই বৈঠকের আয়োজকরা। কিন্তু এজন্যও ইসরায়েলের অনুমতির প্রয়োজন ছিল।

ন্যামের এই বৈঠকের উদ্দেশ্য ছিল জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব আরো জোরদারের লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র প্রণয়ন করা, যার বিরোধিতা করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

১৯৯৪ সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের পর এই প্রথম পশ্চিম তীরে আন্তর্জাতিক কোনো বৈঠকের আয়োজন করা হয়েছিল, যাও ভেস্তে গেল।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply